বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ধনঞ্জয় মণ্ডল (৩০) নামের একজন শিক্ষক নিহত ও তাঁর স্ত্রী বিজলী রানি মণ্ডল (২৮) আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে শ্যামনগর উপজেলার সরদার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।
ধনঞ্জয় মণ্ডল ও বিজলী রানি শ্যামনগরের ৮০ নম্বর পশ্চিম আঠুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁদের বাড়ি একই উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ধনঞ্জয় ও তাঁর স্ত্রী বিজলী মোটরসাইকেলে করে মুন্সিগঞ্জ থেকে শ্যামনগরে আসছিলেন। পথে মুন্সিগঞ্জ-শ্যামনগর সড়কে সরদার গ্যারেজের কাছে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাস তাঁদের ধাক্কা দেয়। এতে বিজলী মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে যান। আর ধনঞ্জন সামনে পড়ে বাসের চাকায় পিষ্ট হন। আহত বিজলী রানি মণ্ডলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ধনঞ্জয় মণ্ডলের লাশ সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।