বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন কলেজের সামনে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরের আজিমপুর ইডেন কলেজের ২ নম্বর ফটকের সামনে অজ্ঞাত এক যুবক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাবতলী-সদরঘাটের ৭ নম্বর রুটের একটি বাস ওই যুবককে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। সংকটজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি বেলা সোয়া দুইটায় মারা যান। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।পথচারীরা জানান, ৭ নম্বর রুটের বাসটি অজ্ঞাত ওই যুবককে পিষ্ট করার পর আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে বাসটি ভাঙচুর করে। এর আগেই বাসের চালক ও সহকারী পালিয়ে যান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ অবস্থায় ওই এলাকার যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন। এরই মধ্যে লালবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে এলাকার যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে উপস্থিত লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) বরকত আলী প্রথম আলোকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বাসটি রেকার দিয়ে টেনে থানায় নিয়ে যাওয়া হয়। মৃত যুবকের পরনে সবুজ ছাই রঙের হাফ প্যান্ট ছিল। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।