বাসের চাপা, মোটরসাইকেলের দুই আরোহী নিহত
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাজবাড়ী সড়ক ও জনপথের (সওজ) তৃতীয় শ্রেণীর কর্মচারী আবদুস সালাম প্রধান (৪২) ও আইয়ুব আলী (৪৫)। তাঁদের বাড়ি সদর উপজেলার রামকান্তপুর ও ভবানীপুর গ্রামে।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মির্জা কবীর জানান, দৌলতদিয়াঘাট এলাকায় রাস্তার কাজ দেখে মোটরসাইকেলে চড়ে কার্যালয়ে ফিরছিলেন সালাম ও আইয়ুব। পথে দৌলতদিয়া-খুলনা সড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে কলকাতা থেকে ঢাকার উদ্দেশে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আহলাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নিজাম খান জানান, বাসের চালক ও সহকারী পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গাড়িটি জব্দ করা হয়েছে। তিনি জানান, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের যাত্রীরা নিরাপদে আছেন।