বাসের চাপায় এক নারী নিহত একই পরিবারের আহত ৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসের চাপায় মাহেন্দ্রের (ডিজেলচালিত তিন চাকার যান) এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মসজিদপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে রাজবাড়ীগামী মাহেন্দ্রটি গতকাল দুপুরে মসজিদপাড়া এলাকায় পৌঁছালে পূর্বাশা পরিবহনের একটি বাস যানটিকে সামনে থেকে চাপা দেয়। মাহেন্দ্রের যাত্রী ফাতেমা বেগমকে (৬০) উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মাহেন্দ্রের যাত্রী গোয়ালন্দ শহরের মাসজিদ পাড়ার বাচ্চু খার মেয়ে মিমি, বোন নাছরিন, নাতি তানভীর ও ছেলে আকাশ এবং রাজবাড়ীর বাঘমারা গ্রামের ইউনুছ গুরুতর আহত হন। তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শিশু নিহত: আমাদের বরিশাল অফিস জানায়, গতকাল দুপুরে নগরের সিঅ্যান্ডবি সড়কের কাজিপাড়া এলাকায় একটি ইজিবাইক (ব্যাটারিচালিত তিন চাকার যান) খাদে পড়ে মো. তানিম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। তানিম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের খোকন হাওলাদারের ছেলে। খোকন হাওলাদার তাঁর স্ত্রী ও ছেলে তামিমকে নিয়ে ইজিবাইকে করে বরিশালে আসছিলেন। কাজিপাড়া এলাকায় একটি বাসকে পাশ দিতে গিয়ে ইজিবাইকটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।