বাসের চাপায় কলেজছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতে গতকাল বৃহস্পতিবার সকালে বাসের চাপায় মরিয়ম আক্তার (২৪) নামের এক কলেজছাত্রী মারা গেছেন। তিনি টঙ্গী সরকারি কলেজে সমাজকল্যাণ বিভাগে দ্বিতীয় বর্ষে পড়তেন। এ ছাড়া আটতলা ভবন থেকে পড়ে মারা গেছেন খায়রুল ইসলাম নামের এক নির্মাণশ্রমিক।
খিলক্ষেত থানার পুলিশ জানায়, সকাল নয়টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার লা মেরিডিয়ান হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি বাস কলেজছাত্রী মরিয়মকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় পথচারীরা বাসটি আটক করে ভাঙচুর করেন। তবে চালক পালিয়ে যান।
মরিয়ম খিলক্ষেতের একটি বায়িং হাউসে খণ্ডকালীন চাকরি করতেন। সম্প্রতি তাঁর বাগদান হয়। তিনি মা-বাবার সঙ্গে খিলক্ষেতের নামাপাড়ায় থাকতেন। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বারিকান্দায়।
বেলা সাড়ে ১১টার দিকে নগরের উত্তর বাড্ডার হাজিপাড়ায় নির্মাণাধীন একটি বাড়ির আটতলায় মাচা বেঁধে কাজ করার সময় মাচাটি ভেঙে গেলে নির্মাণশ্রমিক খায়রুল ইসলাম শিকদার (২২) ও শাকিল আহমেদ (২০) নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে খায়রুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।