বাসের চাপায় কাভার্ড ভ্যানের চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ডের কাছে গতকাল বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (৬০) নামের এক কাভার্ড ভ্যানচালক মারা গেছেন।
খিলক্ষেত থানার পুলিশ বলেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডের পদচারী সেতুর কাছে একটি কাভার্ড ভ্যানের চাকা ফুটো হয়ে যায়। চালক রুবেল মিয়া ওই কাভার্ড ভ্যানের চাকা খুলে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তুরাগ পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রুবেল মিয়াকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, রুবেল মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, তুরাগ পরিবহনের বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছেন। রুবেল মিয়ার বাড়ি আশুলিয়ার জিরাবো এলাকায়।