বাসের চাপায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতকাল রোববার বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম শিব শংকর দাস। তিনি অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ওই বাসে ভাঙচুর এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ভাড়া করা বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা শহরের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিব শংকরকে চাপা দেয়। এতে তাঁর কোমরের অংশ থেতলে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। শিক্ষার্থীরা তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে বিকেলে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বাসটিতে ভাঙচুর চালান। এ সময় বাসের চালক রুস্তম আলীকে পিটিয়ে জখম করেন তাঁরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসে আগুন ধরিয়ে দিতে গেলে শিক্ষকেরা তাঁদের শান্ত করেন। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জাকির ছায়াদুল্লাহ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘পঙ্গু হাসপাতালে আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে।’