বাসের চাপায় ছাত্র নিহত ক্যাম্পাসে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে গতকাল বৃহস্পতিবার ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মীর (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি যানবাহন ও প্রশাসনিক ভবনের দরজা ও জানালার কাচ ভাঙচুর করেছেন।
এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য কর্তৃপক্ষ বাসটির চালককে বরখাস্ত করেছে।
মনিরুজ্জামান মীর বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল-২ সেমিস্টার-১-এর ছাত্র ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ক্লাস শেষে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে একসঙ্গে ক্যাম্পাসের ভেতরে বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে যান। মনিরুজ্জামান যে বাসটিতে ওঠেন, সেটি চালাচ্ছিলেন চুনকু সরেন নামের এক চালক। বাসটির হাতল ধরে ঝুলছিলেন মনিরুজ্জামান। বাসটি ক্যাম্পাসে রূপালী ব্যাংকের সামনে থামার কথা। কিন্তু চালক বাসটি না থামিয়ে দ্রুত চালাতে গিয়ে রাস্তার একটি দেবে যাওয়া অংশে প্রচণ্ড ঝাঁকুনি খায়। এতে বাসের হাতল থেকে মনিরুজ্জামানের হাত ছুটে যায়। এ সময় বাসটির পেছনের চাকা মনিরুজ্জামানের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পরপরই চালক চুনকু সরেন বাস থেকে দ্রুত নেমে পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাসে অবস্থানকারী শিক্ষকদের বহনকারী একটি এসি বাস, তিনটি বাস ও একটি জিপ গাড়ি ভাঙচুর করেন। একই সঙ্গে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দরজা ও জানালার কাচ ভাঙচুর করেন।
এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষের আহ্বানে ক্যাম্পাসে পুলিশ এলে ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইটপাথর নিক্ষেপ করে বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসনাত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘাতক বাসটির চালক চুনকু সরেন বরাবরই খারাপভাবে গাড়ি চালাতেন। প্রায়ই দুর্ঘটনা ঘটত। এ কারণে ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা করে চালক চুনকু সরেনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।