বাসের চাপায় ছয়জন নিহত
ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল বুধবার এক যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। তারপর জনতার ধাওয়ায় পালানোর সময় বাসটি আরও একটি অটোরিকশা, একটি স্কুটার ও পথচারীদের চাপা দেয়। এতে ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীতে ঘাতক বাসটি এ দুর্ঘটনাগুলো ঘটায়। শেষ পর্যন্ত জনতা বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।নিহত ব্যক্তিরা হলেন আল্লাদি বেগম (৪০), মীম (২০) ও তাঁর ছয় মাসের শিশুসন্তান মঈনুল, রেণু বেগম (৫৬), সাহাবুদ্দিন (৪৫) ও অজ্ঞাতনামা আরেকজন (৪৬)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে মাওয়াগামী ইলিশ পরিবহন বেলা সাড়ে ১১টায় উপজেলার নিমতলীতে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় এর যাত্রী আল্লাদি বেগম ও অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান। বাসটি পালানোর সময় আরেকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিচালক সাহাবুদ্দিনসহ যাত্রী মীম (২০) মারা যান। মীমের ছেলে মইনুলকে আহত অবস্থায় পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথেই শিশুটি মারা যায়। দ্বিতীয় অটোরিকশাকে চাপা দিয়ে বাসটি আরও দ্রুত পালানোর চেষ্টা করে। তখন এটি আরেকটি স্কুটারকে চাপা দেয়। কিন্তু থামেনি বাসটি। শেষ পর্যন্ত বাসটি সড়কের পাশে জটলা করা পথচারীদের চাপা দিলে আহত হয় ১৫ জন। এর পরও পালানোর চেষ্টাকালে আরেক বাসের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায় বাসটি। সঙ্গে সঙ্গে এর চালক পালিয়ে যান। পরে জনতা বাসটিতে ভাঙচুর চালায়, সড়ক অবরোধ করে। এতে দুই পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে দুপুর দুইটায় সড়কে যান চলাচল শুরু হয়।প্রত্যক্ষদর্শী স্থানীয় সিরাজুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।এদিকে পুলিশ জানায়, সিরাজদিখান থানায় পাঁচজনের লাশ রয়েছে। তা ছাড়া দুর্ঘটনায় আহত রেণু বেগম নামের এক নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ছেলেসহ মীম নামের ওই নারী ফরিদপুরের বাসিন্দা। সিএনজিচালক সাহাবুদ্দিনের বাড়ি যশোরে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাসটি আটক করা হয়েছে।