বাসের চাপায় তিন নারী শ্রমিকসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর মিলগেট এলাকায় বাসের তিন নারী শ্রমিকসহ চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে একটি যাত্রীবাহী বাস একটি নছিমনকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নছিমন চালক সদর উপজেলার ঘটকচর গ্রামের শিপন হাওলাদার (২৫), কেন্দুয়ার কাউয়াকুড়ি গ্রামের চম্পা আক্তার (২২), দত্ত কেন্দুয়া গ্রামের হ্যাপী আক্তার (১৮) ও কালকিনি উপজেলার শশীকর গ্রামের শেফালী রানী (১৮)। পরের তিনজন স্থানীয় মস্তফাপুর স্পিনিং মিলের শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশেই মস্তফাপুর স্পিনিং মিল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাজ শেষে নছিমনে করে বাড়ি ফিরছিলেন ওই স্পিনিং মিলের ১৯ জন শ্রমিক। মিলগেটের সামনেই একটি যাত্রীবাহী বাস পেছন থেকে নছিমনকে ধাক্কা দেয়। এতে এটি ছিটকে পাশের একটি কালভার্টের নিচে পড়ে যায়। এ সময় নছিমনে থাকা যাত্রী সড়ক ও সড়কের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়েন। এই অবস্থায় চালক বাসটি সড়কে পড়ে থাকা যাত্রীদের ওপর দিয়ে চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক জানান, বাসটি আটক করা সম্ভব হয়নি।