বাসের চাপায় প্রাণ গেল দুই ভাইয়ের
ঘরভর্তি বিয়ের বাজার-সদাই। নতুন বউ আসবে তাই আনন্দে ভাসছিল পুরো পরিবার। কিন্তু সবকিছু এক মুহূর্তে নষ্ট করে দিল একটি দুর্ঘটনা। নববধূর জন্য গয়না কিনতে গিয়ে গতকাল বুধবার বাসের চাপায় প্রাণ হারালেন দুই ভাই। বরগুনার বেতাগী উপজেলার বরগুনা-বেতাগী সড়কের চান্দখালী বাইপাশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সবুজ (২৮) ও তাঁর ছোট ভাই সুজন (২৩)। সুজনের বিয়ের বাজার করতে বেরিয়ে ছিলেন তাঁরা। ১৪ দিন আগে সুজনের বিয়ে হয়। বাকি ছিল আনুষ্ঠানিকভাবে নতুন বউকে বাড়িতে আনা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বুধবার সকালে চান্দখালী বাইপাস এলাকায় বরগুনা থেকে বেতাগীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় বাসটির চালক রাস্তার নির্ধারিত পাশ রেখে অন্যপাশ (রং সাইড) দিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুজন মারা যান। আর সবুজ রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পরই স্থানীয় লোকজন বাসটি আটক করেন। তবে এর চালক আবুল বাশার পালিয়ে যান।
গতকাল দুপুরে বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ কাজিরাবাদ গ্রামে সবুজ ও সুজনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁদের স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। তাঁদের মা বিউটি বেগম ও দাদি জাহানারা বেগম মূর্ছা যাচ্ছেন। সুজনের স্ত্রী সুমনা ও সবুজের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বর্ণা কেবল আহাজারি করছেন।
সুজনের স্ত্রী সুমনা বলেন, ‘সকালে বরগুনায় রওনা হওয়ার আগে ও আমাকে ফোন করে জানায়। আমি ওকে বরগুনা যেতে বারণ করি। বলি, রাতে আমি তোমাকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছি। তাই আজ না গিয়ে কাল (বৃহস্পতিবার) যাও। কিন্তু ও আমার কথা শোনেনি।’ সবুজের স্ত্রী স্বর্ণা আহাজারি করে উপস্থিত সবাইকে বলছিলেন, ‘তোমরা আমার সবুজকে এনে দাও।’
সবুজ ও সুজনের মা বিউটি বেগম বলেন, ‘ছোটবেলায় ওদের রেখে ওর বাবা মারা যাওনের পর আমি কত কষ্ট কইর্যা পোলাগো বড় করছি। আইজ আমার বুকের মানিকগো যারা কাইর্যা নেছে আল্লার কাছে হ্যাগো বিচারের ভার দিলাম।’
বরিশালে ছাত্রী নিহত: বরিশালে বাসের ধাক্কায় সাথী আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার বরপাশা গ্রামের নুরু মীরের মেয়ে। পুলিশ জানায়, সাথী বাড়ি থেকে রিকশায় করে বাকেরগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল-কুয়াকাটা সড়কের বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাডসংলগ্ন এলাকায় পেছন থেকে বরিশালগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় রিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।