বাসচাপায় প্রাণ গেল শিক্ষকসহ দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাসচাপায় প্রাণ গেল এক স্কুলশিক্ষকসহ দুজনের। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার তুলারাম মজিদপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কাজী শহিদুল ইসলাম বলেন, পীরগঞ্জ উপজেলা সদর থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে মজিদপুরে বাড়িতে ফিরছিলেন সোহেল রানা (২৩)। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস পেছন দিক থেকে রিকশাভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক ফুল মিয়া (৩৫)। তিনি উপজেলার ছোটঘোলা গ্রামের বাসিন্দা। আর পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান সোহেল রানা। দুজনের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি আগামীকাল মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সোহেলের বাবা তালেব আলী জানান, কয়েক দিন আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন সোহেল রানা।