বাসের চাপায় সস্ত্রীক নেতা নিহত, অবরোধ-ভাঙচুর
মুন্সিগঞ্জের শ্রীনগরে গত মঙ্গলবার রাতে দ্রুতগামী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ওরফে টুলু ও তাঁর স্ত্রী রিভা (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের শিশুসন্তান তুলনা (২) আহত হয়। এর প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে গতকাল সকালে উপজেলার হাসাড়া এলাকার সড়কে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন ব্যক্তিগত গাড়ির চালক বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাতহাজেরা বিধা গ্রামের ইব্রাহীম (২৭) ও আরোহী নাটোরের সিংড়া উপজেলার তালিনগর গ্রামের আবুল কালাম আজাদ (৫৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল সকাল আটটার দিকে একটি যাত্রীবাহী বাস মাওয়া থেকে ঢাকায় যাচ্ছিল। ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া এলাকায় মাওয়াগামী একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যক্তিগত গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটি সড়কের পাশের খাদে কাত হয়ে পড়ে। এতে ব্যক্তিগত গাড়ির চালকসহ পাঁচ আরোহী ও বাসের নয় যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় ইব্রাহীম ও আবুল কালামকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আহত অন্য ১২ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতা আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী নিহত হওয়ার পর বেজগাঁও এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গতকাল বেলা পৌনে একটার দিকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে আবারও একই এলাকায় মহাসড়ক অবরোধ করেন। তাঁরা মেঘনা পরিবহনের একটি বাসে আগুন দেন। ভাঙচুর করেন ১০-১২টি যানবাহন। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান গতকাল জানান, মোটরসাইকেলটি চাপা দেওয়ার ঘটনায় মেঘনা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।