নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাসের চাপায় তানজিল আহমেঞ্চদ (১০) নামের এক স্কুলছাত্র নিহত ও তার মা আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে।গতকাল বৃহস্পতিবার সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে এই ঘটনা ঘটে। নিহত তানজিল ফতুল্লার সস্তাপুর এলাকার বাসিন্দা ইতালিপ্রবাসী আনোয়ার হোসেনের একমাত্র ছেলে। পড়ত শহরের আমলাপাড়া আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীতে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, সকাল সাড়ে সাতটার দিকে শিবু মার্কেট এলাকায় ছেলে তানজিলকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মা সালেহা বেগম (৩৪)। পথে রাস্তা পার হওয়ার সময় নরসিংদীগামী মেঘালয় পরিবহনের একটি বাস (সিলেট জ-১১-০৫৭৮) পেছন থেকে তাঁদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তাঁরা। তাঁদের শহরের খানপুরে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তানজিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর পর এলাকাবাসী বাসটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। তানজিলের মৃত্যুর খবরে সকাল সাড়ে ১০টার দিকে ক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে (সংযোগ) ব্যারিকেড দিয়ে অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা ১১টার দিকে যান চলাচল শুরু হয়। এদিকে তানজিলের মৃত্যুর খবরে আইডিয়াল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থগিত করা হয় স্কুলের সব ক্লাস। দুর্ঘটনার প্রতিবাদে আগামী শনিবার স্কুলে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাসচালক মোহামঞ্চদ আলীকে আটক করা হয়। স্কুলছাত্র তানজিলের লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়েছে।