বাসের চাপায় স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে বাসের চাপায় নিহত হয়েছে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী হাওয়া খাতুন (১৩)। আজ সোমবার বেলা ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাওয়া খাতুন উপজেলার মহিপুর পিসি ভাটা গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

স্থানীয় দুজন বলেন, ওই ছাত্রী মহিপুর এলাকার প্রাইড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী। মহাসড়কের পাশে দিয়ে পায়ে হেঁটে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বগুড়া থেকে ঢাকাগামী একতা পরিবহন নামের বাসটি ছাত্রীকে চাপা দেয়। এতে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) পুতুল মহন্ত বলেন, দুর্ঘটনার পর চালক স্থানীয় একটি টার্মিনালে বাসটি ফেলে পালিয়ে যান। পরে বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়। তিনি বলেন, ওই ছাত্রীর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।