বাসের চালক পুড়িয়ে মারার ঘটনায় একজন গ্রেপ্তার
রাজধানীতে ঘুমন্ত বাসচালক বদর আলী বেগকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে হরতালের আগের দিন গত শনিবার রাজধানীতে বাসে আগুন দেওয়ার পৃথক ঘটনায় বিভিন্ন থানায় আরও পাঁচটি মামলা হয়েছে। থানা সূত্র জানায়, বাসচালকের মৃত্যুর ঘটনায় গতকাল রোববার সকালে পুলিশ খিলগাঁওয়ের সিপাহীবাগ বিএনপির কার্যালয় থেকে নুর মোহাম্মদ নামের ওই যুবককে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মোকসেদ আলী প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া নুর মোহাম্মদ এলাকার একজন ভবঘুরে। পুলিশের কাছে তথ্য ছিল, টাকার বিনিময়ে সে বাসে আগুন দেয়। তবে সে মামলার এজাহারভুক্ত আসামি নয়। শনিবার দুপুরে খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় কলোনির সামনে থেমে থাকা ঈগল পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসের ভেতরে দগ্ধ হয়ে বদর আলী মারা যান। রাতে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাদী হয়ে এলাকার বিএনপির ৩১ জন নেতা-কর্মীকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এতে আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। খিলগাঁও থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ প্রথম আলোকে জানান, এজাহারে বলা হয়েছে, হরতাল-সমর্থক বিএনপির নেতা-কর্মীরা ঈগল পরিবহনের বাসটিতে আগুন দিয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল সকালে বদর আলীর লাশ খুলনার ফুলতলার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। মর্গের সামনে বদর আলীর ছোট ভাই জুবায়ের জাভেদ এই ‘হত্যাকাণ্ডের’ সুষ্ঠু বিচার দাবি করেন। গতকাল এক তথ্য বিবরণীতে বলা হয়, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মর্গে বদর আলীর লাশ দেখতে গিয়ে তাঁর ছোট ভাইয়ের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। গতকাল দুপুরে পরিবহনশ্রমিকেরা বদর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিজয়নগরে মিছিল বের করেন। আরও পাঁচ মামলা: হরতালের আগের দিন শনিবার রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়েছে। পুলিশ জানায়, ইডেন কলেজের সামনে বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। উত্তরার আবদুল্লাহপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসের মালিক বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর ১ নম্বরে বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে দারুস সালাম থানায় মামলা করেছে। ফার্মগেটে বাসে আগুন দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের মালিক বাদী হয়ে মামলা করেন।ফকিরাপুল ও বনানীতে অগ্নিসংযোগের ঘটনায় মতিঝিল ও বনানীতে মামলা হয়নি বলে জানা গেছে।