বাসের চালক বেপরোয়া গতিতে মোড় ঘোরায় দুর্ঘটনা ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনিকগঞ্জে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গতকাল রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত শেষে কমিটি জানায়, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে মোড় ঘোরার কারণেই মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটিরও গতি বেশি ছিল।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে যোগাযোগ মন্ত্রণালয়। কমিটির অন্য সদস্যরা হলেন: সওজের রোড ডিজাইন এবং সেফটি বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুল হক ও মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান। গতকাল দুপুরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।প্রাথমিক তদন্ত শেষে কমিটির প্রধান আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, বাসের চালক বেপরোয়া গতিতে মোড় অতিক্রম করে সড়কের ডান পাশে চলে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এরপর বাসটি রাস্তার বাঁ পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়।সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান। আরিফুর রহমান আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কটি কিছুটা ত্রুটিপূর্ণ। এর বিপজ্জনক মোড়গুলো সংস্কার করাসহ সড়কটি প্রশস্ত করা প্রয়োজন।