বাসের ছাদ থেকে নদীতে, তিন যাত্রী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর চলন্ত বাসের ছাদ থেকে যমুনা নদীতে পড়ে তিনজন যাত্রী নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার জন্য বাসযাত্রীরা চালকের খামখেয়ালিপনাকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, চালক বেপরোয়াভাবে বাসটি চালাচ্ছিলেন। তিনি যাত্রীদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন।

নিখোঁজ যাত্রীরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার মাদারডাঙ্গা গ্রামের বেল্লাল (২৫), একই এলাকার হাবীব (২৮) ও ফুলচান (৩০)। এ ঘটনায় আহত অপর চার যাত্রী সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সেতু কর্তৃপক্ষের স্পিডবোটটি নষ্ট থাকায় ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ওই দিন দুপুর ১২টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্পের স্পিডবোট অভিযানে অংশ নিলেও গতকাল রোববার পর্যন্ত নিখোঁজ তিনজনের সন্ধান পাওয়া যায়নি।

থানা-পুলিশ, বাসযাত্রী আবু সাইদ ও আঞ্জুমান আরা জানান, বৃহস্পতিবার ভোররাতে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে ৭০ জন পোশাকশ্রমিক নিয়ে গীতাঞ্জলি পরিবহনের একটি বাস মাদারডাঙ্গার উদ্দেশে রওনা হয়। গন্তব্যে পৌঁছানো নিয়ে চালকের সঙ্গে যাত্রীদের বাগিবতণ্ডার একপর্যায়ে চালক যাত্রীদের দেখে নেওয়ার হুমকি দেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকেন।

চালকের খামখেয়ালিপনার কারণে সকাল নয়টার দিকে বাসটি বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ লেনের ৪ নম্বর পিলারের কাছে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বাসের ছাদে থাকা সাত যাত্রী ছিটকে নিচে পড়ে যান। তাঁদের মধ্যে চারজন নদীতে ও তিনজন সেতুর ওপর পড়েন। নদী থেকে নায়েব আলী (২৪) নামের একজনকে জেলেরা উদ্ধার করেন। এ ছাড়া সেতুর ওপর পড়ে আহত হন হান্নান মিয়া (২২), ইউসুফ আলী (২৫) ও নজরুল ইসলাম (২০)। দুর্ঘটনার পর চালক বাসটি সেতুর ওপর ফেলে রেখে পালিয়ে যান।