বাসের ছাদ থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর চারঘাটে আজ শুক্রবার চলন্ত বাসের ছাদ থেকে পড়ে চালকের সহকারী আশরাফুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজশাহী থেকে বাঘাগামী বাসটির ছাদে ওঠা যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছিলেন আশরাফুল। বাসটি মোক্তারপুর ফায়ার সার্ভিস এলাকায় মোড় নেওয়ার সময় ছাদ থেকে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, নিহত আশরাফুল একটি বেসরকারি ব্যাংকে দারোয়ানের চাকরি করতেন। ওই বাস চালকের সহকারী হিসেবে আজই তিনি কাজ শুরু করেন। বাসটি সকালে বাঘা থেকে রাজশাহী যায়। সেখান থেকে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।