বাসের ছাদ থেকে পড়ে দুজন কাঁচামাল ব্যবসায়ী নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে দুজন কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। বাসটি বগুড়া থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মদনপুর এলাকায় গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের বেটখৈর গ্রামের দুলাল শেখ (২৮) ও তাঁর ভাগনে সুজন শেখ (২৪)। তাঁরা দুজন ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুলাল ও সুজন বাসের ছাদে বসেন। সিরাজগঞ্জগামী বাসটি মহাসড়কের পূর্ব পাশ দিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় বাসটির ছাদে থাকা ওই দুই যাত্রী সড়কের পাশে থাকা গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ছাদ থেকে মহাসড়কের ওপর পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুলালের মামাতো ভাই আসাদুল ইসলাম বলেন, বাসের ছাদ থেকে পড়ে যাওয়া দুজনই ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। কাঁচামাল সংগ্রহের জন্য গতকাল সকালে তাঁরা বগুড়া শহরে গিয়েছিলেন। কেনাকাটা শেষে কাঁচামাল ট্রাকে তুলে নিয়ে একটি বাসে তাঁরা দুজন নিজ বাড়িতে ফিরছিলেন। তখন দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সামছুজ্জোহা বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসটি দ্রুত সিরাজগঞ্জের দিকে চলে যায়। ফলে বাসটি আটক করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।