বাসের ছাদ থেকে পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ছাদ থেকে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন: বরগুনার পাথরঘাটা উপজেলার নিজলাঠিমারা গ্রামের মো. সোহরাব (৪২) ও জাকারিয়া (১৬)।
ওই বাসের দুজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোহরাব ও জাকারিয়া বরগুনার পাথরঘাটা থেকে আজ সকালে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে বার্ষিক মাহফিলে যাচ্ছিলেন। বিকেলে বাসটি গোপালগঞ্জের কাশিয়ানীতে পৌঁছালে চলন্ত বাসের ছাদ থেকে হঠাৎ ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি মামলা করা হয়েছে।