বাসের ছাদে আর ট্রাকে ফিরতি যাত্রা
ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরতে ভোগান্তিতে পড়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন পেশার মানুষ। বাসে আসন না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে অথবা মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানে তাঁরা রওনা হচ্ছেন রাজধানীর দিকে।
উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাসস্ট্যান্ডে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, হাজার খানেক মানুষ ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোনো বাসেই টিকিট কাটা না থাকায় শেষ পর্যন্ত দরদাম করে সাধারণ মানের কিছু বাসের ছাদে উঠে অনেকে ঢাকার দিকে রওনা দেন।
একটি পোশাক কারখানার কর্মী নাজমা বেগম বলেন, ঈদের সময় আসতেও কষ্ট, যাওয়ার সময়েও কষ্ট। তবু পরিবারের সবার সঙ্গে ঈদ করতে বাড়িতে আসেন বলে তিনি জানান। বাসে না উঠতে পারলে ছাদে অথবা ট্রাকেই যেতে হবে বলে তিনি জানান।
একটি বেসরকারি কোম্পানির কর্মচারী আবু তালহা বলেন, ‘সকাল থেকে এখানে এসে অপেক্ষা করছি। কিন্তু এখনো কোনো গাড়িতে উঠতে পারিনি।’
বাসস্ট্যান্ডের সময়রক্ষক পরিচয়ে একজন বলেন, ঈদের আগে-পরে এখান থেকে সিট নিয়ে ঢাকা যাওয়ার কোনো সুযোগ নেই। তাই ঢাকায় ফিরতি খালি ট্রাক আর পিকআপ ভ্যানে অনেকেই অল্প টাকায় রওনা হচ্ছেন। এ ছাড়া অনেকে ২০০-২২০ টাকায়
সাধারণ মানের বাসগুলোর ছাদে চড়ে ঢাকা যাচ্ছেন বলে তিনি জানান।
হাটিকুমরুল হাইওয়ে থানার একজন সার্জেন্ট নাম না প্রকাশ করার শর্তে বলেন, এ সময়ে মানুষের কথা চিন্তা করে অনেক নিয়মনীতিই দেখা হয় না।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, মহাসড়কে অননুমোদিত যানবাহন যেন চলতে না পারে, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।