বাসের ছাদে উঠে প্রাণ গেল পাঁচজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম ভাড়ায় বাসের ছাদে ভ্রমণ করতে গিয়ে গাইবান্ধা সদর উপজেলায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বাগেরহাটের মোরেলগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গাইবান্ধা: গাইবান্ধা থেকে ঢাকা যেতে বাস ভাড়া ২৫০ টাকা। কিন্তু ছাদে ভ্রমণ করলে মাত্র ১০০ টাকা দিতে হয়। তাই কম ভাড়ায় সৈকত পরিবহনের (টাঙ্গাইল-ব-১১-০০২৯) নামের একটি নৈশকোচে চড়ে কাজের সন্ধানে ঢাকা যাচ্ছিলেন ২০ জন দিনমজুর। শুক্রবার রাত ১২টার দিকে তাঁরা বাসটির ছাদে ওঠেন। সদর উপজেলার কোমরপুর গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে আসার পর হেলে পড়া একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ওই ২০ জন আহত হন। আহত ব্যক্তিরা চিৎকার করতে থাকলেও চালক বাসটি না থামিয়ে পলাশবাড়ী নিয়ে যান। এ সময় এলাকাবাসী ও পলাশবাড়ী থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফুলছড়ি উপজেলার ছালুয়া গ্রামের রনজু মিয়া (২৮), একই উপজেলার কাতলামারী গ্রামের মিঠু মিয়া (৩১), সাদুল্যাপুর উপজেলার মনদুয়ার গ্রামের সাকিল আহম্মেদ (১৮), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাতলামারী গ্রামের আবদুস সালাম (৩৮) ও চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সাদুল্যাপুর উপজেলার শ্রীকলা গ্রামের জিলিম খান (৬০) মারা যান। পলাশবাড়ী হাসপাতাল থেকে গুরুতর আহত ১৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ): ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার তবাড়ীপাড়া এলাকায় গত শুক্রবার একটি যাত্রীবাহী কোচের চাপায় মজনু শেখ (২৫) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাশুড়িয়া গ্রামের আনিসুর রহমানের ছেলে। বাগেরহাট: বাগেরহাট-পিরোজপুর সড়কের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাসের চাপায় রনি শেখ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের আছমান শেখের ছেলে।