বাসের ছাদে যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকায় পার্ক করা একটি দূরপাল্লার বাসের ছাদ থেকে গতকাল রোববার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় মেলেনি। বাসের চালক ও সহকারীকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
খিলগাঁও থানা পুলিশ জানায়, ঢাকা-গাইবান্ধা পথে চলাচলকারী ‘মা সুফিয়া’ এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১০৪৯৩) সকাল থেকে খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম পাশে পার্ক করা ছিল। বাসের ছাদে কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি পড়ে ছিল। বিষয়টি দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শুভঙ্কর পাল জানান, ওই যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। গাড়িটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করলে যুবকের মৃত্যুর রহস্য জানা যাবে।