বাসের জন্য দীর্ঘ অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল সাড়ে পাঁচটা। বেসরকারি চাকুরে সাব্বির আহমেদ গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেটের সামনে বাসের অপেক্ষায় আধঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। নতুন চালু হওয়া গণপরিবহন ‘ঢাকার চাকা’য় চড়ে গুলশান ১ নম্বরে যাবেন। গত বৃহস্পতিবার গুলশান থেকে কাকলী রুটের নিয়মিত এই যাত্রী জানান, ‘গুলশান-১ থেকে কাকলী আগে লোকাল বাসে সরাসরি ১০ টাকায় যাওয়া যেত। এখন দুইবারে ভেঙে যেতে হচ্ছে। শীতাতপনিয়ন্ত্রিত এই নতুন বাসে যেকোনো গন্তব্যের ন্যূনতম ভাড়া ১৫ টাকা। এর ফলে কাকলী যেতেই খরচ হচ্ছে ৩০ টাকা। আগে যাতায়াতে যেখানে ২০ টাকা খরচ হতো, এখন সেখানে লাগছে ৬০ টাকা।’
গুলশান-বনানী এলাকার নতুন বাসসেবা ‘ঢাকা চাকা’ চালুর দ্বিতীয় দিনেই এটি নিয়ে নানা অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। তাঁরা বলছেন, নতুন বাসে আগের লোকাল বাসের চেয়ে প্রায় তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে। সেই সঙ্গে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করা নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ঢাকা মহানগর পুলিশের সহায়তায় এবং গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির উদ্যোগে ১০ আগস্ট থেকে দুটি রুটে ‘ঢাকা চাকা’ নামের গণপরিবহন চালু হয়েছে। একটি রুটের বাস তেজগাঁও-গুলশান লিংক রোড থেকে পুলিশ প্লাজা ও রূপায়ণ টাওয়ার হয়ে গুলশান ২ নম্বর গোলচত্বর পর্যন্ত যায়। আরেক রুটের বাসের রুট কাকলী মোড় থেকে বনানী বাজার ও গুলশান ২ নম্বর হয়ে নতুন বাজার পর্যন্ত।
গুলশান ২ নম্বর থেকে কাকলীগামী বাসের যাত্রী একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত মো. সালাউদ্দিন বলেন, ‘লোকাল বাসে যাইতাম পাঁচ টাকায়। আর এরা নিতাছে ১৫ টাকা। ভাড়া অনেক বেশি। কিন্তু অন্য বাসে যাওয়ারও তো সুযোগ নাই।’
গুলশান ১ নম্বর থেকে ২ নম্বর যাচ্ছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। বললেন, ‘এসি বাস, তাই ৫ টাকার জায়গায় ১০ টাকা নিলেও মানা যায়। কিন্তু ১৫ টাকা অনেক বেশি। সেবার নামে ব্যবসা চালাচ্ছে এরা।’
প্রাথমিকভাবে ১০টি বাস নিয়ে এ সেবা চালু হয়েছে। তবে দুটি রুটেই ১০ মিনিট পর পর বাস ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। গুলশান ২ নম্বরগামী বাসের যাত্রী মাসুম পারভেজ গুলশান ১ নম্বর নাভানা টাওয়ারের নিচে বাসের কাউন্টারে ৪৫ মিনিট ধরে অপেক্ষা করেছিলেন। বললেন, ‘আরও বেশি বাস নিয়ে এই সেবা শুরু করা দরকার ছিল। মানুষের সময়ের তো দাম আছে।’ ‘ঢাকা চাকা’ বাসসেবার প্রতিটি বাসের আসন ৩৫টি। বৃহস্পতিবার এই প্রতিবেদক গুলশান ১ থেকে কাকলী মোড় হয়ে আবার গুলশান ১-এ ফিরে আসতে মোট চারবার বাস বদল করেন। প্রতিবারই অন্তত ১০ জন যাত্রীকে বাসে দাঁড়ানো দেখা যায়। সন্ধ্যা ছয়টায় গুলশান ২ নম্বর থেকে ১ নম্বর সড়কগামী বাসে আসনের চেয়ে ২২ জন যাত্রী বেশি তোলা হয়। একপর্যায়ে ভিড়ে-গরমে অতিষ্ঠ যাত্রীরা বাসের দরজা খুলে দিতে শোরগোল শুরু করেন। এতে কিছু সময়ের জন্য দরজা খুলে রাখা হয়।
এ ছাড়া গুলশান রুটের বাসটি তেঁজগাও-গুলশান লিংক রোডের নাভানা মোড় থেকে পুলিশ প্লাজা ও গুলশান ১ হয়ে গুলশান ২ নম্বরে পৌঁছানোর কথা থাকলেও গতকাল গুলশান ১ নম্বর থেকেই এ রুটের যাত্রী উঠানো-নামানো হয়েছে। এ বিষয়ে গুলশান ২ নম্বরের বাস-কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মী ঝন্টু কুমার ঘোষ বলেন, ‘আগামী রোববার থেকে নিয়মিত রুটে বাস চলবে।’
জানতে চাইলে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘অনেক কিছু চিন্তা করে গুলশানের মতো কূটনৈতিক পাড়ায় পুলিশ সাধারণ বাস বন্ধ করে দিয়েছে। জনগণের চলাচলের অসুবিধার কথা চিন্তা করে কিছু বাস দেওয়া হয়েছে, যার প্রাথমিক ভাড়া রিকশা ভাড়ার চাইতেও কম। কিছুদিন বাসগুলো চলার পরে প্রয়োজনে ভাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’ তিনি আরও বলেন, চলতি মাসেই আরও ২০টি বাস নামবে। এ ছাড়া আরও ২০টি বাস নামানোর প্রস্তুতি আছে। সব বাস নেমে গেলে বাকি সমস্যাগুলো মিটে যাবে বলে উল্লেখ করেন তিনি।