বাসের জানালা দিয়ে মাথা বের করাই কাল হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাচার বাড়ি থেকে বাসে করে বাড়ি ফিরছিল মারুফ হোসেন (১২) নামে এক কিশোর। কৌতূহলবশে বাসের জানালা দিয়ে মাথা বের করে কিছু একটা দেখার চেষ্টা করতেই রাস্তার পাশের গাছের সঙ্গে আঘাত লেগে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে বরগুনা-বেতাগী সড়কের সোনার বাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মারুফ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে।
মারুফের পরিবার সূত্র জানায়, তিন দিন আগে মারুফ বরগুনার তালতলি উপজেলায় তার চাচার বাড়ি বেড়াতে গিয়েছিল। গতকাল সকালে মারুফ তালতলি থেকে বরগুনা আসে। সেখান থেকে হানিফ পরিবহনের একটি বাসে বেতাগী যাচ্ছিল সে। এ সময় গাড়ির জানালা দিয়ে বাইরে মাথা বের করতেই রাস্তার পাশের গাছের সঙ্গে আঘাত লেগে মাথা থেঁতলে যায়। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর গ্রামে গতকাল রোববার বেলা দুইটার দিকে বাস উল্টে কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত বাসযাত্রী ও হাসপাতাল সূত্র জানায়, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে একটি লোকাল বাস কুষ্টিয়া যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চাঁদপুর এলাকায় মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে বাসটি উল্টে যায়। আহত ব্যক্তির মধ্যে ৩২ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।