বাসের টিকিট বিক্রি শুরু ২৩ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে দ্বিধাবিভক্ত পরিবহনের মালিকেরা। তাঁদের একটি সংগঠন ২৩ আগস্ট থেকে ঈদুল আজহার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে সমিতির অধীন বেশ কিছু পরিবহনের মালিক জানিয়েছেন, তাঁরা ২৬ আগস্ট থেকে টিকিট বিক্রি শুরু করবেন। আরেকটি সমিতির নেতারা জানিয়েছেন, তাঁরা অগ্রিম টিকিট বিক্রিই করবেন না।
গতকাল গাবতলী বাস টার্মিনালকেন্দ্রিক বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের স্বত্বাধিকারী ফারুক তালুকদার জানান, তাঁরা বৈঠক করে ২৩ আগস্ট থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী ও অ্যাসোসিয়েশনের সহসভাপতি রমেশ চন্দ্র ঘোষ জানান, তাঁর প্রতিষ্ঠান ২৬ আগস্ট থেকে টিকিট বিক্রি করবে। কেউ আগে বিক্রি করলে সমস্যা নেই।
হানিফ পরিবহনের অন্যতম স্বত্বাধিকারী ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের পরিবহন কোম্পানির ব্যবস্থাপকেরা প্রথমে বসে ২৬ আগস্ট অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব তৈরি করেছিলেন। ২৫ আগস্ট জন্মাষ্টমীর ছুটির কারণে ২৩ আগস্ট থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। তবে কেউ পরে শুরু করলে সমস্যা নেই।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানায়, ২০১২ সালে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট একই দিনে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালকেন্দ্রিক পরিবহন কোম্পানিসহ অনেকগুলোই অগ্রিম টিকিট বিক্রি করে না।
সূত্র আরও জানায়, দুই বছর ধরে অনেক পরিবহন কোম্পানি অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও অগ্রিম টিকিট বিক্রি করছে। এ ক্ষেত্রে ঘোষিত তারিখের আগেই অনেকে টিকিটের জন্য বুকিং দেওয়া শুরু করেন। আবার মালিকদের পরিচিতজন ও প্রভাবশালীদের জন্যও কিছু টিকিট রেখে দেওয়া হয়।