বাসের টিকিটপ্রাপ্তির যুদ্ধ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধন নয় মান নয়, চাই বাসের টিকিট। ঈদের ছুটিতে বাড়ি যেতে ইচ্ছুক এসব মানুষের এটাই এখন প্রত্যাশা। ছবিটি আজ সকালে রাজধানীর গাবতলী থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
ধন নয় মান নয়, চাই বাসের টিকিট। ঈদের ছুটিতে বাড়ি যেতে ইচ্ছুক এসব মানুষের এটাই এখন প্রত্যাশা। ছবিটি আজ সকালে রাজধানীর গাবতলী থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বিভিন্ন বাসের অগ্রিম টিকিট আজ সোমবার সকাল থেকে বিক্রি শুরু হয়েছে। কাঙ্ক্ষিত গন্তব্যের অগ্রিম টিকিট পেতে কোথাও কোথাও ভোররাত থেকে বাসের কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন টিকিটপ্রত্যাশীরা।

রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল ছাড়াও শ্যামলী, কল্যাণপুর, কলাবাগান, ফকিরাপুল, কমলাপুর, মালিবাগসহ বিভিন্ন স্থানে থাকা বাস কোম্পানির কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। ১৫ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি করা হচ্ছে।

গাবতলীর মাজার রোড মোড়ে একটি পরিবহন কোম্পানির কাউন্টারের সামনে অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। তাঁদের মধ্যে অনেকে ভোররাতে এসে সেখানে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন।

টিকিট দেওয়ার ক্ষেত্রে বিলম্বের অভিযোগ করেছেন কোনো কোনো যাত্রী। গাবতলীর পর্বতা বালুর মাঠ এলাকায় একটি বাস কাউন্টারে অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশী শামসুজ্জামান বলেন, ‘কাউন্টারের কর্মীদের অদক্ষতার কারণে টিকিট বিতরণে বেশ দেরি হচ্ছে।’

অগ্রিম টিকিটে বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। দিনাজপুরের টিকিটপ্রত্যাশী আরিফুল ইসলাম বলেন, ‘কয়েক দিন আগেই ঢাকা থেকে দিনাজপুরে যাওয়ার টিকিটের দাম ছিল ৫০০ টাকা। এখন ৬৩০ টাকা রাখা হচ্ছে।’

হানিফ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন দাবি করেন, ‘বিআরটিএ নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিটের দাম রাখা হচ্ছে। আমরা অতিরিক্ত ভাড়া নিচ্ছি না।’

গাবতলী এলাকায় কর্তব্যরত পুলিশের পরিদর্শক (ট্রাফিক) দেলাওয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কালোবাজারির ব্যাপারে সতর্ক রয়েছি।’
পরিবহন মালিকদের দুটি সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন দূরপাল্লার বাস চলাচল নিয়ন্ত্রণ করে।

অতীতে শুধু নামীদামি পরিবহন কোম্পানিগুলো অগ্রিম টিকিট বিক্রি করত। পরিবহন মালিকেরা জানান, এবার ঢাকার প্রায় সব টার্মিনাল ও পরিবহন কোম্পানির কাউন্টার থেকে একযোগে ১৪ জুলাই টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

এ প্রসঙ্গে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদারের ভাষ্য, এক দিনে সব স্থানে টিকিট বিক্রি শুরু হলে বিশৃঙ্খলা কম হবে। কালোবাজারি বা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও কমে যাবে।