কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের যাতায়াতের জন্য বাসের সংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল রোববার ক্যাম্পাসের প্রধান ফটক অবরোধ করা হয়। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে ছাত্রীরা অবরোধ তুলে নেন।বিভিন্ন সূত্র জানা গেছে, বিক্ষুব্ধ ছাত্রীরা গতকাল দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক অবরোধ করে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া-ঝিনাইদহগামী সব বাস আটকে দেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক রেজওয়ানুল ইসলাম ও সহকারী প্রক্টর মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে ছাত্রীরা অবরোধ তুলে নেন। ছাত্রীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। অথচ তাঁদের জন্য কুষ্টিয়া রুটে মাত্র তিনটি ও ঝিনাইদহ রুটে মাত্র দুটি বাস চলাচল করছে। রেজওয়ানুল ইসলাম বলেন, ‘ছাত্রীদের পরিবহন সমস্যার কথা শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’