বাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা ওইসব কর্মসূচি পালন করেন। পরে শিক্ষার্থীরা তাঁদের দাবি-দাওয়াসংবলিত একটি সঞ্চারকলিপি প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর জমা দেন।আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে বর্তমানে ছাত্রছাত্রী প্রায় দুই হাজার। এর মধ্যে এক হাজার দুইশর মতো শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে অবস্থান করে। কিন্তু তাঁদের ক্যাম্পাসে যাতায়াতের পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা নেই। উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা বাধ্য হয়ে গত বুধবার থেকে বাসের দাবিতে আন্দোলন শুরু করেছেন। যার ধারাবাহিকতায় গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বর্ষের শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, তাঁরা বাসের ছাদে চড়ে, বাদুড়ের মতো ঝুলে ক্যাম্পাসে যাতায়াত করেন মৃত্যুর ঝুঁকি নিয়ে। আর উপাচার্য একটি পাজেরো গাড়ি থাকার পরও আরেকটি বিলাসবহুল গাড়ি কিনেছেন প্রায় ৮০ লাখ টাকা দিয়ে। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে, বলে প্রশ্ন রাখেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা তারেক মো. রাশেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, বর্তমানে ক্যাম্পাসের বাইরে থাকে এমন শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার দুইশ-এর মতো। তাঁদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের তিনটি নিজস্ব বাস ছাড়াও ভাড়া দুটি বাস রয়েছে। নতুন করে আরও তিনটি বাস ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তা ছাড়া বিআরটিসি থেকে দুটি নতুন বাস পাওয়ার কথা রয়েছে। সেগুলো পেলে তেমন সমস্যা থাকবে না।জানতে চাইলে বাসের দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করার কথা স্বীকার করেন উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে তিনি প্রথম আলোকে বলেন, অল্প কিছু শিক্ষার্থী ওই মিছিল করেছিলেন। কিন্তু তিনি নিজ থেকেই শিক্ষার্থীদের জন্য গতকাল থেকে একটি বাস ভাড়া করেছেন। আরও বাস আনার চেষ্টা করছেন।৮০ লাখ টাকা দিয়ে নিজের জন্য বিলাসবহুল গাড়ি কেনা প্রসঙ্গে উপাচার্য বলেন, উপাচার্যের জন্য পূর্বে কোনো গাড়ি বরাদ্দ দেওয়া হয়নি। যেটি দেওয়া হয়েছিল, সেটি প্রকল্প পরিচালকের। এখন তাঁর জন্য যে গাড়িটি কেনা হয়েছে, সেটি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনের পরই কেনা হয়েছে।