বাসের ধাক্কা, পিকআপ ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণে চালক দগ্ধ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাসস্টেশনে বাসের ধাক্কায় সিএনজিচালিত পিকআপভ্যানের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পিকআপভ্যানের চালক কাজী সাইফুল ইসলাম দগ্ধ হয়েছেন। তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান ও দেলদুয়ার থানার ওসি মোশারফ হোসেন বলেন, আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী একটি পিকআপভ্যানকে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় চালক পিকআপভ্যান থেকে বের হওয়ার সময় দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও টাঙ্গাইলের ফায়ার সার্ভিস বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
প্রত্যক্ষদর্শী মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম খান বলেন, ঘটনার সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।