বাসের ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলীতে আজ রোববার বিকেলে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির ছয় বছরের ছেলে আহত হয়েছে।

নিহত ব্যক্তির নাম মো. ইউনুস (৩৫)। তাঁর বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তিনি রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে মিরপুর রোড দিয়ে মোটরসাইকেলে করে ছেলে ইফাদকে নিয়ে যাচ্ছিলেন। পথে শ্যামলী উড়ালসেতুর উত্তর পাশে আশীর্বাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ইউনুসকে ধাক্কা দেয়। তিনি নিচে পড়ে যান ও তাঁর মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় র‌্যাবের একটি টহল গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল। র‌্যাব সদস্যরা ঘাতক বাসটিকে আটক করেন। তবে চালক পালিয়ে যান। আহত ইফাদকে উদ্ধার করে শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নিহত ইউনুসের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।