বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুরে মিনিবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার বাদিয়াচড়া গ্রামের লিলু মিয়া (২৭), আয়ুব আলী (২৫) ও আবদুর রহিম (২৮)। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি মিনিবাস বগুড়া যাচ্ছিল। আর মুরাদপুর থেকে চার যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চন্ডিহারার দিকে যাচ্ছিল।
এ সময় মিনিবাসটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শামীম আকতার প্রথম আলোকে বলেন, নিহত তিনজনের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মিনিবাসটি গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।