বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে আজ শুক্রবার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে শিবপুর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলামের ভাষ্য, আজ সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নরসিংদীর ভেলানগর থেকে ইটাখোলার দিকে আসছিল। অটোরিকশাটি কারারচর বিসিক শিল্পনগরী এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস এটাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী এক নারী (৩৫) মারা যান। গুরুতর আহত অটোরিকশার চালককে (২৫) উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এসআই আনোয়ারুল ইসলাম জানান, অটোরিকশাটিকে ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত দুজনের লাশ নরসিংদী জেলা হাসপাতালে রাখা হয়েছে।