বাসের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থল থেকে বের হয়ে বাসায় যাওয়ার কথা ছিল বেসরকারি একুশে টেলিভিশনের রক্ষণাবেক্ষণ প্রকৌশলী কে এম আলীমুজ্জামানের। কিন্তু কারওয়ান বাজারে একুশে টেলিভিশনের কার্যালয় থেকে বের হয়ে সার্ক ফোয়ারার সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলীমুজ্জামানের সহকর্মীরা জানান, কাজ শেষে আলীম কল্যাণপুরের বাসায় যাওয়ার জন্য বের হন। হেঁটে তিনি একুশে টিভির সামনে সার্ক ফোয়ারার পশ্চিম পাশের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ফার্মগেট অভিমুখী বিআরটিসির একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। চালক সরকারি পরিবহন সংস্থার ওই বাস নিয়ে দ্রুত পালিয়ে যান। লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাঁর সহকর্মীরা হাসপাতালে ভিড় করেন।
নিহত আলীম তিন বছর ও ছয় বছর বয়সী দুটি কন্যাসন্তানের জনক। তাঁর বাড়ি ফরিদপুরের সদর উপজেলার গেরদা গ্রামে। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, বিআরটিসির ওই বাস ও এর চালককে আটক করার চেষ্টা চলছে।