বাসের ধাক্কায় ভ্যানচালক ও যাত্রী নিহত
বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয় বাসযাত্রী। আজ বুধবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দাসখালী দারুল উলুম মাদ্রাসার সামনে বাগেরহাট-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের আনুমানিক বয়স ৪৫-৬০ বছর। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
বাগেরহাটের মহিষপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, বাসটি বাগেরহাট থেকে পিরোজপুর যাচ্ছিল। দাসখালী দারুল উলুম মাদ্রাসার সামনে এসে বাসের সামনের চাকা পাংচার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের এক যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় ভ্যানের চালককে পিরোজপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ননী গোপাল রায় জানান, দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। বাকি নয়জনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।