বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালে গতকাল শনিবার সন্ধ্যায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আরশি নামের আড়াই বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় আহত শিশুটির মা ও বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এদিকে প্রায় একই সময়ে রাজধানীর নর্দা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রওশন আরা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।
শিশু নিহত হওয়ার ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আরশির বাবা উজ্জ্বল মিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গতকাল উজ্জ্বল স্ত্রী নূরুন্নাহার ও সন্তান আরশিকে নিয়ে সাভারে নিজ বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁরা বাসে চড়ে বঙ্গবাজারে নামেন। বঙ্গবাজার থেকে রিকশায় চড়ে বাসায় ফিরছিলেন তাঁরা। কিন্তু বংশাল থানার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় গেলে পেছন দিক থেকে রিকশাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে আরশি ও তার বাবা-মা। গুরুতর আরশিকে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বাসসহ চালককে আটক করা হয়েছে।
প্রায় একই সময়ে রাজধানীর ভাটারা থানার নর্দা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রওশন আরা মারা যান। নর্দাতেই তাঁর বাসা। বাসা থেকে বের হয়ে তিনি দোকান থেকে পান আনতে যাচ্ছিলেন।
ভাটারা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।