বাসের ধাক্কায় মায়ের মৃত্যু মেয়েসহ আহত ২
রাজধানীর মিরপুরে গতকাল মঙ্গলবার বাসের ধাক্কায় হেলেনা পারভীন (৩৮) নামের এক নারী মারা গেছেন। আহত হয়েছেন তাঁর মেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তানজীলা তামান্না ও রিকশাচালক মো. মোখলেস।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা য়ায়, গতকাল বেলা দেড়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সদরঘাট-মিরপুর সড়কে চলাচলকারী পল্লবী সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি রিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে রিকশাযাত্রী হেলেনা ও তানজীলা এবং রিকশাচালক মোখলেছ ছিটকে পড়েন। তাঁদের উদ্ধার করে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হেলেনা ও মোখলেসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হেলেনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তানজীলাকে পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে। তানজীলা এবার মিরপুর আইডিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গতকাল দুপুরে পরীক্ষা শেষে মা হেলেনার সঙ্গে রিকশাযোগে বাসায় ফিরছিল।
মিরপুর থানার এসআই ফারুক-উজ-জামান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।