বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম (৪২) ও তাঁর বড় মেয়ে সুকন্যা (১৩)। এ ঘটনায় সিরাজুলের ছোট মেয়ে রাজকন্যা (৪) গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল কদমতলী থেকে সিরাজুল ইসলাম মোটরসাইকেলে করে দুই মেয়েকে নিয়ে আবদুল্লাহপুরে বেড়াতে যাচ্ছিলেন। কদমপুর এলাকায় পেছন থেকে আসা গাংচিল পরিবহনের বালিগাঁওগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-জ-১৪-২৬১২) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল ও তাঁর মেয়ে সুকন্যা। পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠিয়েছে। রাজকন্যাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজুলের ভাই মো. সেন্টু জানান, সিরাজুল ইসলাম রাজধানীর ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তাঁর বড় মেয়ে সুকন্যা পুরান ঢাকার আহমেদ বাওয়ানী উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে গেছেন।