বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ
গোপালগঞ্জে বাসের ধাক্কায় গতকাল শনিবার মিলন মণ্ডল (১২) নামের এক স্কুলছাত্র নিহত এবং অনীক চৌধুরী নামের আরেক শিক্ষার্থী আহত হয়েছে। নিহত মিলন ও আহত অনীক ভেন্নাবাড়ি সম্মিলিত উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। মিলন সাতপাড় ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের দেবেন মণ্ডলের ছেলে।
এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী ও তাদের সহপাঠীরা গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ি এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। প্রায় পাঁচ ঘণ্টা পর প্রশাসনের কর্মকর্তারা ওই স্থানে গতিরোধক নির্মাণ ও দোষী ব্যক্তিদের সাজার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, সকাল আটটার দিকে মিলন ও অনীক ভেন্নাবাড়ি সম্মিলিত উচ্চবিদ্যালয় থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ি নামক স্থানে মাদারীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাইসাইকেলের আরোহী ওই দুই শিক্ষার্থীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই মিলন প্রাণ হারায় এবং অনীক মারাত্মক আহত হয়। আহত অনীককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ খবর বিদ্যালয় ও এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী ওই স্থানে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ও র্যা ব ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তাতেও অবরোধকারীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেনি। পরে বেলা একটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালাল উদ্দিন বিচারের প্রতিশ্রুতি ও ওই স্থানে গতিরোধক করে দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ তুলে নেয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেছেন, চালক, সুপারভাইজার ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া সড়কের বৌলতলী এলাকা থেকে বাসটি জব্দ করা হয়েছে।