বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। লৌহজং উপজেলার মাওয়া-ঘোরদৌড় সড়কের হলদিয়া ইউনিয়নের হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার নাগেরহাট গ্রামের সুবল ঘোষ (৬৫) ও তাঁর নাতি প্রান্ত ঘোষ (১৯)। এ ঘটনায় অটোরিকশার চালককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, গতকাল বেলা একটার দিকে ঢাকাগামী গাংচিল পরিবহনের একটি বাস হলদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এটির যাত্রী সুবল ঘোষ (৬৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রান্ত ও চালক বাদলকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে প্রান্ত মারা যান।