বাসের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ সোমবার সড়ক দুর্ঘটনায় এক যুবক মারা গেছেন। তাঁর নাম জাহিদ হোসেন (৩০)।
জাহিদের স্বজনেরা জানান, তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে তিনি রামপুরায় থাকতেন। আজ সকাল নয়টার দিকে বাসে ওঠার সময় আরেকটি বাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
জাহিদের সহকর্মী আবুল বাশার প্রথম আলোকে বলেন, গতকাল রোববার রাতে অটোরিকশা চালান জাহিদ। পরে আজ সকালে দোলাইয়েরপাড় এলাকায় জাহাঙ্গীরের গ্যারেজে অটোরিকশাটি জমা দেন তিনি। রামপুরায় বাড়ি যাওয়ার পথে দোলাইয়েরপাড়ের নবীনগরে একটি বাসে উঠতে যান তিনি। এ সময় পেছন থেকে আরেকটি বাস ওভারটেক করতে যায়। তখন বাসের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আজম সুলতান প্রথম আলোকে বলেন, জাহিদ যে বাসের ধাক্কায় মারা গেছেন, সেটিকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি। জাহিদের পরিবার মামলা করতে রাজি হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁর গ্রামের বাড়ি নড়াইলের নরাকাটি উপজেলার প্রহরডাঙ্গায় পাঠিয়ে দেওয়া হয়েছে।