বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ রোববার সন্ধ্যায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিতে এক অটোরিকশার যাত্রী এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।

এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ওই মহাসড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ধানবাহী ট্রাক্টরকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় একটি চলন্ত যাত্রীবাহী বাস ওই অটোরিকশাকে ধাক্কা দিলে ভেতরে থাকা এক যাত্রী রাস্তার ওপর ছিটকে পড়েন। বাসটি দ্রুত চলে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা যাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আশপাশের শতাধিক লোক জড়ো হয়ে ওই সড়কে গতিরোধক নির্মাণের দাবি জানান।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নিহত হওয়া ব্যক্তির ছিন্নভিন্ন দেহ পড়ে আছে সড়কজুড়ে। এ সময় সড়ক অবরোধকারী লোকজন বিক্ষোভ দেখাচ্ছিলেন। দুর্ঘটনার পর আরও কয়েকটি গাড়ির চাপায় লাশটি ছিন্নভিন্ন হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসাদ প্রথম আলোকে বলেন, আমরা লোকজনকে শান্ত করার চেষ্টা করছি। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।