বাসের ধাক্কায় আহত হরিণটি মারা গেছে
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বাসের ধাক্কায় আহত হরিণটি মারা গেছে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে নামের একটি বেসরকারি সংস্থার শ্রীমঙ্গল কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় এটি মারা যায়।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের উদ্যান এলাকার গাড়িভাঙা সেতুর কাছে তাজ পরিবহনের একটি বাসের ধাক্কায় হরিণটি গুরুতর আহত হয়। পরে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ আহত হরিণটিকে শ্রীমঙ্গলে এনে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কার্যালয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘হরিণটি দুর্ঘটনার পর চোখে দেখত না। চোখ দুটো ঘোলা হয়ে গিয়েছিল। শব্দ পেলে নড়াচড়া করত। কিন্তু খাবার সামনে দিলে টের পেত না।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, ‘আজ (গতকাল মঙ্গলবার) সকাল সাড়ে ছয়টার দিকে হরিণটি মারা গেছে।’