রাজধানীর শেরেবাংলা নগর থানার খেজুর বাগান এলাকায় গতকাল শুক্রবার বাসের ধাক্কায় মাইনুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া গত দুই দিনে নগরের বিভিন্ন স্থানে পাঁচজনের অপমৃত্যু হয়েছে। পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, গতকাল দুপুরে খেজুর বাগান মোড়সংলগ্ন সড়ক পার হওয়ার সময় লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মাইনুল নিহত হন। পুলিশ বাসসহ চালক ইমাম হোসেনকে (৩০) আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।মাইনুলের ভায়রা খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, মাইনুল স্ত্রী-সন্তান নিয়ে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় থাকতেন। তিনি গুলশানের এক ব্যক্তির গাড়ি চালাতেন। গতকাল ছুটি থাকায় তিনি মিরপুরে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। সম্ভবত খেজুর বাগানে বাস থেকে নেমে মিরপুরের বাস ধরার জন্য তিনি সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। প্রায় একই সময়ে পল্লবীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিসুর রহমান (২৬) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়।পল্লবী থানার দ্বিতীয় কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা বলেন, আনিসুর ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকদের সঙ্গে থাকতেন। ওই ভবনের নিচতলায় গোসল করার জন্য মোটর ছাড়তে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ায়।এদিকে, আদাবর থানার এসআই ইফতেখার হোসেন বলেন, গত বৃহস্পতিবার আদাবরের ৯ নম্বর সড়কের একটি ছয়তলা ভবন থেকে পড়ে মোছাম্মৎ সোনিয়া (২০) নামের এক গৃহকর্মী মারা গেছেন। তিনি ওই ভবনের ছয়তলার বাসায় কাজ করতেন। গৃহকর্তা ও গৃহকর্ত্রী পুলিশকে জানিয়েছেন, বিকেলে ছাদে কাপড় আনতে গিয়ে সোনিয়া পিছলে নিচে পড়ে যান। সোনিয়ার গ্রামের বাড়ি যশোরে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারী বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে রামপুরার বনশ্রী এলাকার একটি ভবন থেকে মাসুদ রানা (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী এবং ওই ভবনেই সপরিবারে থাকতেন। প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তাঁর গ্রামের বাড়ি বরিশালে। সূত্র জানায়, একই দিন রাত ১২টার দিকে জোয়ার সাহারা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক কিশোর (১৫) মারা গেছে। প্রায় একই সময়ে খিলক্ষেতের একটি জলাশয় থেকে অজ্ঞাতনামা এক পুরুষের (৭০) লাশ উদ্ধার করে পুলিশ।এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।