বাসের ধাক্কায় খাদে অটোরিকশা, তিন আরোহী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় খাদে পড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। এতে অটোরিকশার তিন আরোহী নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সিদ্ধিরগঞ্জের গোদনাইলে একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী আলমগীর হোসেনের (২৭) মৃত্যু হয়। এ ছাড়া আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর যাত্রী রমজান আলী (২৮) ও অটোরিকশার চালক মোহাম্মদ হোসেনের (২৯) মৃত্যু হয়। পরে আহত রিয়াজকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় দুপুর সোয়া ১২টা থেকে একটা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।