বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার রাতে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় সুমি আক্তার (২০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে প্রেসক্লাবের সামনে মিডওয়ে পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী নবদম্পতি তওসিবুর ও সুমি ছিটকে রাস্তায় পড়ে যান। দুর্ঘটনায় তওসিবুর সামান্য আহত হলেও সুমি গুরুতর জখম হন। পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।স্বজনেরা জানান, সুমি তাঁর মা-বাবার সঙ্গে ৭০/১১ ইসলামবাগে থাকতেন। তিন বছর আগে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের ২৪/১ তাঁতখানা লেনের (হোসেনি দালান) বাসিন্দা কাপড়ের ব্যবসায়ী তওসিবুরের সঙ্গে তাঁর বিয়ে হয়। ২৮ এপ্রিল সুমিকে আনুষ্ঠানিকভাবে তওসিবুরের বাসায় তুলে নেওয়ার কথা। এ উপলক্ষে গতকাল বিয়ের কার্ডও ছাপানো হয়।