বাসের ধাক্কায় চালকের সহযোগী নিহত
রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় মো. রাজু (২৫) নামের এক যুবক মারা গেছেন। তিনি বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে আনন্দ সিনেমা হলের সামনের সড়কে রাজু মতিঝিল-বনানী পথে চলাচলকারী ছয় নম্বর বাসের যাত্রী ডাকছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি ছয় নম্বর বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান রাজু। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার বলেন, ঘটনার পর বাসসহ চালক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। রাজুর গ্রামের বাড়ি বরিশালে। তিনি ধোলাইখাল এলাকায় থাকতেন।এদিকে গত সোমবার রাত দেড়টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন সড়ক থেকে এক অজ্ঞাতনামা নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে মিরপুর থানার পুলিশ। দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।