বাসের ধাক্কায় তরুণ নিহত, মহাসড়ক অবরোধ
সিলেটের দক্ষিণ সুরমার লাউয়া এলাকায় আজ বুধবার ঢাকাগামী এনা পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। সে সময় ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। বিক্ষিপ্তভাবে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ অবস্থা চলার কারণে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বেলা ১১টার দিকে ঢাকাগামী এনা পরিবহনের বাসের ধাক্কায় দক্ষিণ সুরমার দাউদপুর গ্রামের সৈয়দ পারভেজ (২২) নামের এক তরুণ নিহত হন। তিনি মোটরসাইকেল চালিয়ে শহরে আসছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দাউদপুরসহ আশপাশ এলাকার মানুষ ঘটনাস্থলে এসে অবস্থান নিলে মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার একাংশ সহিংসতা শুরু করলে ৪১টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
তবে বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকজন জানান, দুর্ঘটনার পরপরই এনা পরিবহনের বাসটি ঘটনাস্থল ত্যাগ করায় মানুষ ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেয়। পুলিশ লাঠিপেটা শুরু করলে এ নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ বাধে। ১৫ থেকে ২০ মিনিট পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন এলাকাবাসী আহত হয়েছে।
মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বেলা একটার পর থেকে স্বাভাবিক হয়েছে বলে জানান দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন দাস। তিনি আরও জানান, এনা পরিবহনের বাসটি জব্দ করতে মহাসড়ক পুলিশে বার্তা পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।