বাসের ধাক্কায় দাখিল পরীক্ষার্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া কাহালু উপজেলায় আজ সোমবার যাত্রীবাহী বাসের চাকার নিচে পড়ে মারা গেছে এক পরীক্ষার্থী। সকালে দাখিল পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয় হাফিজুর রহমান (১৫) নামের এই পরীক্ষার্থী।
নিহত হাফিজুর কাহালুর ডোমর গ্রামের হামেদ আলীর ছেলে। সে সাবরুল দাখিল মাদ্রাসার ছাত্র ছিল। আজ তার বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, হাফিজুর রহমান তার পরীক্ষাকেন্দ্র শাহজাহানপুর ফাজিল মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সে মালঞ্চা-রানীরহাট রাস্তার ডোমর গ্রামের বোলধর নামকস্থানে বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় বগুড়া থেকে মালঞ্চার দিকে আসা যাত্রীবাহী দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাফিজুর ঘটনাস্থলেই মারা যায়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।